ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৩ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর তাদের ফল প্রকাশ করা হবে। অথচ এই ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে।
সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।
তবে ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল।
এমকে/বিএম২৪









