রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।


রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।


মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পাঠ করে শোনান। প্রায় দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করা হয়।


সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তবে স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার বিষয়ে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। একই সঙ্গে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।


মামলার বিবরণে জানা যায়, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।


গত ২৫ মে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।


গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এক দিনেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।


গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর করতে হবে।


এ ছাড়া সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়।


হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার বিচারিক আদালতের রায় ঘোষণা করা হয়েছিল। পরে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন উচ্চ আদালত।


এমকে/বিএম২৪