সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, সন্তুষ্ট রামিসার বাবা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, সন্তুষ্ট রামিসার বাবা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায় তিনি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং অপর আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন।


তিনি আরও বলেন, ‘মাত্র রায় ঘোষণা হলো। আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বসব। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আপনাদের জানাব।’


সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।


রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।


মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করেন আদালত।


এমকে/বিএম২৪