এক ছবিতেই ২ কোটি ৫০ লাখ টাকা জিতলেন বাংলাদেশি
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি পুরস্কারের (এইচআইপিএ) সর্বোচ্চ সম্মানজনক গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে এ সম্মান অর্জন করেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
পেশায় পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের একটি ছবির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। ছবিটিতে ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো একটি পরিবারের পাঁচ সদস্যকে ধ্বংসস্তূপের মধ্যে একসঙ্গে ঘুমিয়ে থাকতে দেখা যায়। সবকিছু হারিয়েও পরিবারের সদস্যদের একসঙ্গে টিকে থাকার এই মর্মস্পর্শী দৃশ্য আন্তর্জাতিক বিচারকদের নজর কাড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পিনু রহমানের হাতে পুরস্কার তুলে দেন শেখ মোহাম্মদ বিন রাশিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
পিরোজপুরে বেড়ে ওঠা পিনু রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শখের বশে আলোকচিত্রের সঙ্গে যুক্ত হলেও ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের জাতীয় পুরস্কার এবং ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ প্রথম পুরস্কার অর্জন করেন পিনু রহমান। এবার হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি পুরস্কারের সর্বোচ্চ সম্মাননা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করলেন তিনি।
এমকে/বিএম২৪









