কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি হবেন কোরআন ছুঁয়ে শপথ নেওয়া প্রথম মার্কিন সিনেটর। তবে শপথের সময় পবিত্র গ্রন্থটির কোন কপিটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে নিজের শপথ গ্রহণের পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। এ সময় তিনি সম্ভাব্য দুটি কোরআনের কপির কথা উল্লেখ করেন।
এর একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও প্রাচীন কোরআনের কপি।
এল-সাইয়েদ বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নই।’
তিনি আরও জানান, টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। কিথ এলিসন যখন মার্কিন কংগ্রেসে শপথ নিয়েছিলেন, তখন তিনি ওই কপিটি ছুঁয়ে শপথ গ্রহণ করেন। এ ছাড়া মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম কোরআনের কপিটিও তাঁর পছন্দের তালিকায় রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম মুসলিম হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন ডেট্রয়েটে জন্মগ্রহণকারী কিথ এলিসন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা এলিসন ১৯ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত টমাস জেফারসনের ১৭৬৪ সালের কোরআন অনুবাদ ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন।
গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
সূত্র: উইয়ন নিউজ
এমকে/বিএম২৪









