৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় চার ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল দেশটির বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর আবারও স্বাভাবিক হতে শুরু করে ফ্লাইট চলাচল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে অতিরিক্ত ডেটার চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি দেখা গেল। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেন হামলার পর প্রথমবারের মতো দেশজুড়ে বিমান চলাচলে এমন অচলাবস্থা তৈরি হয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের কারণে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে পারেনি। এ বিপর্যয়ের প্রভাব যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপের ফ্লাইট চলাচলেও পড়ে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কোনো বিদ্বেষপূর্ণ হামলার আলামত পাওয়া যায়নি। আপাতত এটিকে টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট বলেই মনে করা হচ্ছে। বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের আতঙ্কিত হওয়ার বা প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি কোনোভাবেই ১১ সেপ্টেম্বরের মতো ঘটনা নয়।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এ বিপর্যয় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের সর্বশেষ উদাহরণ। বর্তমানে সরঞ্জাম ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতি এবং পুরোনো অবকাঠামোসহ নানা সমস্যায় জর্জরিত দেশটির এ ব্যবস্থা।
এফএএর এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশক পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০টির বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
শুক্রবার ফ্লাইট স্থগিতের নির্দেশ কার্যকর হওয়ার পর বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—দেশটির বিভিন্ন বিমানবন্দরের ডিপারচার হল ও এয়ারলাইন ডেস্কগুলোতে যাত্রীদের ভিড় জমে যায়। ডিপারচার বোর্ডে একের পর এক ফ্লাইট বিলম্বিত ও বাতিলের ঘোষণা দেওয়া হয়। উড়োজাহাজগুলোও গেটের কাছে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।
এ সময় নিউয়ার্ক থেকে লন্ডনগামী ফ্লাইটের অপেক্ষায় থাকা ৪৭ বছর বয়সী লুইস মাহের বলেন, যেকোনো মুহূর্তে হয়তো কেঁদে ফেলবেন, তবে তখনো তিনি কান্না করেননি। এয়ার ট্রাফিক কন্ট্রোল সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে সতর্ক করা হলেও তিনি ভ্রমণের আশা ছাড়েননি।
এ অচলাবস্থার কারণে বিমানবন্দরে আসা অনেক উড়োজাহাজ ট্যাক্সিওয়েতে আটকা পড়ে। কারণ, আগে থেকেই গেটগুলো পূর্ণ হয়ে গিয়েছিল।
সূত্র: রয়টার্স
এমকে/বিএম২৪









