বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে বাসায় ঢুকে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হানিফের বিরুদ্ধে গভীর রাতে বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রাবেয়া আক্তার (৩৫) নামে এক নারী এ অভিযোগ করেছেন। এ ঘটনায় বাড্ডা থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি।
গত ১৭ অক্টোবর ডিএমপি কমিশনার বরাবর দেওয়া লিখিত আবেদনে রাবেয়া আক্তার এসব অভিযোগ তুলে ধরেন। তিনি উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার একটি বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকেন।
লিখিত অভিযোগে রাবেয়া উল্লেখ করেন, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই হানিফ, মজিরুন নেছা, মো. দিপু, সুমি এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজন ব্যক্তি সাদাপোশাকে তাঁর বাসায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় গেট খুলতে সামান্য দেরি হওয়ায় এসআই হানিফ দরজায় একাধিকবার লাথি মারেন বলে অভিযোগ করেন তিনি। এতে বাসার মূল ভাড়াটিয়ার চার, আট ও ১২ বছর বয়সী শিশুরা আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠে।
রাবেয়ার দাবি, পরে ওই ব্যক্তিরা জোরপূর্বক তাঁর কক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল তছনছ করেন। এ সময় তাঁর ছয় হাজার টাকা, আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা, এবং একটি ব্লুটুথ স্পিকার নিয়ে যাওয়া হয়। এ ছাড়া এসআই হানিফ তাঁকে যেকোনো সময় যেকোনো মামলায় গ্রেপ্তারের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার দাবি
রাবেয়া আক্তারের অভিযোগ, এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বাড্ডা থানায় লিখিত অভিযোগ দিলেও তিনি কার্যকর কোনো প্রতিকার পাননি। তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক আজিজ অভিযোগটির যথাযথ তদন্ত না করে উল্টো তাঁকে হয়রানি করেছেন বলে দাবি করেন তিনি।
এ পরিস্থিতিতে আর্থিক ক্ষতি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান রাবেয়া।
অন্য এক বৃদ্ধ নারীর অভিযোগের প্রসঙ্গ
ডিএমপি কমিশনারের কাছে দেওয়া আবেদনে রাবেয়া আরও উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর এসআই হানিফের বিরুদ্ধে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কাছে মোছা. মাজেদা খাতুন (৭৬) নামে আরেক নারী অভিযোগ করেছেন। ওই অভিযোগে এসআই হানিফের কথিত সহযোগী হিসেবে মজিরুন নেছার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।
নিরপেক্ষ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি
ডিএমপি কমিশনারের কাছে দেওয়া আবেদনে এসআই হানিফ ও এসআই তারেক আজিজের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাবেয়া। পাশাপাশি অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, হয়রানি বন্ধ এবং লুণ্ঠিত টাকা ও মালামাল উদ্ধারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
ভুক্তভোগীদের বক্তব্য
রাবেয়া আক্তার (নিপা) বলেন, “আমার সঙ্গে এসআই হানিফ যে আচরণ করেছেন, তা স্পষ্ট আইনের লঙ্ঘন। বাড্ডা থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছি। এতেও বিচার না পেলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির কাছে যাব। সেখানেও প্রতিকার না পেলে মামলা করব। আমি এসআই হানিফ ও মজিরুন নেছার বিচার চাই।”
অপর ভুক্তভোগী দম্পতি শফিকুল ইসলাম ও মাজেদা খাতুন অভিযোগ করেন, মজিরুন নেছা এসআই হানিফের প্রশ্রয়ে তাঁদের সম্পত্তি লিখে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। তাঁদের দাবি, মাজেদা খাতুনকে কাশিমপুর কারাগারের সামনে মারধর করা হয়েছে। তাঁদের পারিবারিক জীবনেও নানা সমস্যা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
ফ্ল্যাটের মূল ভাড়াটিয়া আমেনা বেগম দাবি করেন, ঘটনার রাতে রাত সাড়ে ১২টার পর এসআই হানিফ ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে দরজায় জোরে লাথি মারেন। দরজা খোলার পর তাঁরা কোনো পরিচয় না দিয়ে নিপার খোঁজ করেন। এরপর এসআই হানিফ সরাসরি রাবেয়ার কক্ষে প্রবেশ করেন।
আমেনা বেগমের ভাষ্য, তিনি কক্ষে ঢুকে রাবেয়াকে দ্রুত বাসা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিতে শোনেন। তাঁকে যেকোনো মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার কথাও বলা হয়। আমেনা বেগম প্রতিবাদ করলে তাঁকেও চুপ থাকতে বলা হয়। পরে তাঁকে ও রাবেয়াকে কক্ষ থেকে বের করে দিয়ে রাবেয়ার দুটি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং কক্ষের মালামাল তল্লাশি করে এলোমেলো করে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।
পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ও প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম বলেন, চিৎকার-চেঁচামেচি শুনে তিনি সেখানে গিয়ে রাবেয়ার কক্ষে এসআই হানিফকে কিছু খুঁজতে দেখেন। তখন কক্ষের সবকিছু এলোমেলো অবস্থায় ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী মনজু বলেন, রাত ১টার দিকে ফ্ল্যাটের মালিকের মেয়ে সুমি তাঁকে রাবেয়ার বাসায় ডেকে নেন। সেখানে গিয়ে তিনি হট্টগোল দেখতে পান। তাঁর ভাষ্য অনুযায়ী, সাদাপোশাকে একজন সাব-ইন্সপেক্টর সেখানে ছিলেন এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। তিনি সেখানে কোনো পুরুষ ব্যক্তিকে দেখেননি বলেও দাবি করেন।
অভিযুক্তদের বক্তব্য
অভিযুক্ত সুমি দাবি করেন, সেদিন রাবেয়ার বাসায় মাসুদ নামে একজনকে হাতেনাতে ধরা হয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে তাঁর দাবির অসংগতি তুলে ধরে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মজিরুন নেছার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে এসআই তারেক আজিজ বলেন, ডিএমপি কমিশনার বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগের কপি হাতে পেলে তিনি লিখিত জবাব দেবেন।
প্রধান অভিযুক্ত বাড্ডা থানার এসআই হানিফ বলেন, ওই এলাকায় তাঁর ডিউটি ছিল। হৈ-হুল্লোড় শুনে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।
প্রশাসনের বক্তব্য
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই। পরে অভিযোগের কপি পাঠানো হলেও এ বিষয়ে তাঁর কাছ থেকে আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খানের সঙ্গে একাধিক ভুক্তভোগী দেখা করলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে। পরে আবার যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ
অনুসন্ধানে উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার একটি ডিসের অফিসকে কেন্দ্র করে এসআই হানিফ ও তাঁর সহযোগী মজিরুন নেছার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, সেখানে নিরপরাধ মানুষকে ধরে এনে আর্থিক সুবিধার বিনিময়ে দেনদরবার করা হয়।
এলাকার কয়েকজনের অভিযোগ, জুয়ার আসর, মাদক কারবারি ও অবৈধ ডিস ব্যবসা থেকে মাসিক অর্থ নেওয়ার সঙ্গেও এসআই হানিফের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের দাবি, ভয়ে কেউ এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









