বিমানবন্দর সড়কে বাইকে গাড়ির ধাক্কা, নিহত ২
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেন রাজু (২৪) এবং গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে ফরিদুল ইসলাম সরদার (৪০)। রাজু একটি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আর ফরিদুল ওই প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, উত্তরা যাওয়ার পথে স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে একটি পাজেরো গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রাজুর বাবা শফিকুল ইসলাম জানান, তার ছেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। দুই ছেলের মধ্যে রাজু ছিলেন ছোট।
এমকে/বিএম২৪









