সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।


এদিকে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


পেশায় কৃষি অর্থনীতিবিদ ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন তিনি।


২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ওসমান ফারুক। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।


দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। এ সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপির মনোনয়ন পান তিনি এবং নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।


এমকে/বিএম২৪