ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী, ৪৫ শয্যার বিপরীতে ভর্তি ১৫৪, মেঝেতেও ঠাঁই নেই
সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। ওয়ার্ডটিতে ৪৫টি শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ১৫৪ শিশু। নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা তিন গুণেরও বেশি হওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। কোথাও একই শয্যায় একাধিক শিশুকে রাখার অভিযোগও উঠেছে। এদিকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশু ওয়ার্ডের শয্যা পূর্ণ থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী ও স্বজনদের ভিড়ে ওয়ার্ডে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
সন্তানকে নিয়ে হাসপাতালে আসা নাজমুল বলেন, ‘সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসার জন্য। কিন্তু ওয়ার্ডে এত রোগী যে ঠিকমতো শয্যা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক কষ্ট করে থাকতে হচ্ছে। শিশু অসুস্থ, তার ওপর এভাবে হাসপাতালে থাকতে হচ্ছে, এটা খুবই কষ্টের।’
আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও অনেক ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে নিম্ন আয়ের পরিবারগুলো বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছে। বিশেষ করে হঠাৎ করে সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শিশু ওয়ার্ডের পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন অভিভাবকেরা। লাকি আক্তার নামের এক নারী বলেন, ওয়ার্ড ও আশপাশের পরিবেশ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। একই জায়গায় অনেক শিশু থাকায় সংক্রমণের ঝুঁকি নিয়েও তাঁরা চিন্তিত। সন্তান অসুস্থ হলে এমনিতেই অভিভাবকেরা দুশ্চিন্তায় থাকেন। এর মধ্যে চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে উদ্বেগ আরও বেড়ে যায়। রোগীর চাপ বিবেচনায় দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে ভোগান্তি অনেকটাই কমবে।
আরেক অভিভাবক জানান, সন্তানের চিকিৎসার জন্য বাইরে থেকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কিনতে গিয়ে অনেক সময় ধারদেনা করতে হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও উপকরণ পাওয়া গেলে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চিকিৎসা নেওয়া সহজ হতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ বাড়ছে। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরাও হাসপাতালে আসছে। আবহাওয়ার তাপমাত্রার ওঠানামার কারণে শিশুরা তুলনামূলক বেশি অসুস্থ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হায়দার শাহীন বলেন, ঋতু পরিবর্তনের সময় শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বাড়ে। তাপমাত্রার পরিবর্তনের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ সময়ে অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হতে হবে। শিশুদের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পানি ও পুষ্টিকর খাবার দিতে হবে। জ্বর, শ্বাসকষ্ট কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। সীমিত শয্যা ও জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। চিকিৎসক ও নার্সের সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।
এমকে/বিএম২৪









