বকশীগঞ্জ সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
বকশীগঞ্জ সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

সংগৃহীত

রতন ইন্তিসার, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।


বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালান সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় ১০৮৯ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪