লিবিয়ায় বন্দি দুই বন্ধু, ৪০ লাখ টাকা দিয়েও মিলল না মুক্তি, পথ চেয়ে স্ত্রী-মা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম
লিবিয়ায় বন্দি দুই বন্ধু, ৪০ লাখ টাকা দিয়েও মিলল না মুক্তি, পথ চেয়ে স্ত্রী-মা

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


ইউরোপে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন শরীয়তপুরের দুই বন্ধু কামাল খলিফা ও আতিক মাঝি। কিন্তু সেই স্বপ্ন এখন তাঁদের পরিবারের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।


অভিযোগ উঠেছে, মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় বন্দি রয়েছেন তাঁরা। সেখানে তাঁদের ওপর চালানো হচ্ছে শারীরিক নির্যাতন। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক দফায় দাবি করা হয়েছে মুক্তিপণ। সন্তানদের জীবন বাঁচাতে জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে ইতোমধ্যে প্রায় ৪০ লাখ টাকা দিয়েছেন দুই পরিবার। তবুও মেলেনি মুক্তি।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার আকাশ সরদারের প্রলোভনে পড়ে প্রায় তিন মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামাল ও আতিক। পরে তাঁদের লিবিয়ায় নিয়ে আটকে রেখে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।


এরপর থেকেই শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের জন্য নানা চাপ। পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। একপর্যায়ে তাঁরা মাথায় হাত দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন।


নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার বাসিন্দা কামাল খলিফা। কম্পিউটার কম্পোজের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার বছর আগে তাঁর বাবা বাচ্চু খলিফা মারা যান। সংসারের নানা প্রতিকূলতার মধ্যেও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু ছেলের এমন দুরবস্থার খবর ও নির্যাতনের ভিডিও দেখে ভেঙে পড়েছেন মা কামরুন নাহার।


ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কামরুন নাহার বলেন, ‘ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল, সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাইছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।’


অন্যদিকে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। বাড়িতে রেখে গেছেন বৃদ্ধ মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও মাত্র এক বছর বয়সী শিশুসন্তান মূসাকে। তাঁর বড় ভাইও বাক্‌প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।


আতিকের মা আমেনা খাতুন বলেন, ‘আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’


আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, ‘আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।’


দুই বন্ধুর এমন পরিণতিতে উদ্বিগ্ন তাঁদের স্বজন ও প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দা জিহান রাব্বানী জাকির বলেন, দুই পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার পরও তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না। নির্যাতনের ভিডিও দেখে সবাই আতঙ্কিত। দ্রুত দুই যুবককে জীবিত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মানবপাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


এদিকে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি লিবিয়ায় বন্দি দুই যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জেলা পুলিশ।


বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া জামান বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচার আইনে দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মানবপাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।


এমকে/বিএম২৪