মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন
সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। নিজের এই শতক একমাত্র মেয়েকে উৎসর্গ করেছেন তিনি। মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিয়ে বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
সেঞ্চুরিটি আগের দিনই হতে পারত। তবে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় অপেক্ষা বাড়ে লিটনের। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনে শতকের দেখা পান তিনি।
৮৮তম ওভারে মার্কো ইয়ানসেনকে পুল শটে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান লিটন। এরপর পকেট থেকে একটি চিরকুট বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। সেখানে ইংরেজিতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’
একমাত্র মেয়ের জন্মদিন উপলক্ষে আগের রাতে দক্ষিণ আফ্রিকা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন লিটন। এবার ব্যাট হাতে সেঞ্চুরি করে মেয়েকে দিলেন বিশেষ উপহার।
ম্যাচের শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৯ রান। লিটন ১১৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে থাকা হাসান এখনো রানের খাতা খুলতে পারেননি।
এটি লিটনের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। এর আগে গতকাল সেঞ্চুরি তুলে নেন তাওহিদ হৃদয়। তাঁর ব্যাট থেকে আসে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস।
এমকে/বিএম২৪









