নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
সংগৃহীত
শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাতজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) নরসিংদী সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতির তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জন ডেঙ্গু রোগীর সবাই সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। বেসরকারি হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, জেলায় হামের সংক্রমণ পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১১৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ৩২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে সন্দেহজনক হাম কিংবা নিশ্চিত হাম—কোনোটিতেই মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু ও হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









