কয়েক দিনের সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ প্রতিনিধি
কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর বৃষ্টির কারণে সকাল পর্যন্ত শহরের কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল কিংবা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন তেমন দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতার প্রভাব পড়েছে জনজীবনে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা রয়েছে।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে ঢাকা, খুলনা, বরিশালসহ বিভিন্ন জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
অন্যদিকে, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৭ প্লাটুন বিজিবি, আট প্লাটুন আনসার এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।









