মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি


সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ/২৪ নম্বর বাসার গলিতে একাধিক বাড়ি রয়েছে। এর মধ্যে একটি বাড়িতে বসবাস করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকে পলিথিনসদৃশ একটি বস্তুতে আগুন ধরিয়ে দেয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকে আগুন দিয়েছে। সেখানে কোনো পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি। পলিথিনসদৃশ একটি বস্তু পোড়ানো হয়েছে।


তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।