পর্যটন কার্নিভাল ঘিরে গাছ কাটার অভিযোগের সত্যতা মেলেনি, পরিদর্শন শেষে যৌথ বিবৃতি
সংগৃহীত
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউবাগানের গাছ কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। কার্নিভালের স্থান সরেজমিনে পরিদর্শন শেষে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
বিগত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে পর্যটন কার্নিভাল আয়োজনের অভিযোগ ছড়িয়ে পড়ে। এসব প্রচারণার বাস্তবতা যাচাই করতে বুধবার (১৮ নভেম্বর) সকালে কার্নিভাল এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান ওঠানামার সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছের ওপরের ও অতিরিক্ত অংশ ছাঁটাই করা হয়েছে। তবে নিয়মিত এ কাজ কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থলে যেসব কাটা গাছ দেখা গেছে, সেগুলো বিমান চলাচলের সুবিধার্থে আগে কাটা হয়েছিল। এটি নিয়মিত কার্যক্রমের অংশ। এসব গাছ বন বিভাগের হিসাবেও সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভাল আয়োজনের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভালকে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে এ কার্নিভাল।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, পর্যটন করপোরেশন নিজেদের জায়গায় তিন মাসব্যাপী এ কার্নিভালের আয়োজন করেছে। আয়োজকরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি এবং পরিবেশের কোনো ক্ষতি করেননি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান বলেন, কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিল। সেগুলো বন বিভাগ কেটে সংরক্ষণ করে বিক্রি করেছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেসব গাছের গুঁড়ি রয়েছে। পাশাপাশি বিমান চলাচলের সুবিধার্থে সিভিল এভিয়েশন গাছের ওপরের কিছু অংশ ছাঁটাই করেছে, যা বন বিভাগ অবগত রয়েছে।
পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার কোনো প্রশ্নই আসে না। পুরোনো কিছু গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার প্রচারণা চালানো হচ্ছে, যা সত্য নয়। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি এবং ভবিষ্যতেও কাটা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জলপরীর একটি ছবিকে এআই-নির্মিত দাবি করে তিনি বলেন, কার্নিভালে জলপরীর কোনো ভাস্কর্য নেই। অথচ এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তিনি সবাইকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ সময় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









