রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নুপুর নামে এক নারী পোশাকশ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফেরার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানাধীন শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দুপুরের খাবারের বিরতিতে ওই নারী শ্রমিক বাসার উদ্দেশে রওনা হন। পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।


খবর পেয়ে রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এমকে/বিএম২৪