জন্মদিনে ভক্তদের জন্য নতুন সুখবর দিলেন অভিনেত্রী শবনম বুবলী
সংগৃহীত
বিনোদন ডেস্ক
ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী জন্মদিনে ভক্তদের জন্য দিয়েছেন নতুন সুখবর। শুক্রবার (২০ নভেম্বর) তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কাজের খবর জানিয়েছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউস “বিগ প্রোডাকশনস”-এর প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা” নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের “প্যানোরামা ট্যালেন্ট”-এ।’
তিনি আরও লেখেন, ‘আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার। এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’
উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা—শবনম বুবলীর পথচলাটা ছিল অন্য রকম। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ধীরে ধীরে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
বুবলীর ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও পর্দায় গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে বরাবরই দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’।
এমকে/বিএম২৪









