ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে।


ঘটনার জন্য ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বাধীন পক্ষকে দায়ী করেছেন মেজবাউল হক মিজু। তাঁর অভিযোগ, শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেছেন। তবে তায়েফ মাহমুদের দাবি, কেন্দ্রীয় নেতাদের অনুমতি ছাড়াই মিছিল বের করেন মিজু। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিজুর অনুসারীরাই প্রথমে তাঁদের ওপর হামলা করেন। অন্যদিকে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।


সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করতে বের হন। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনা ঘটে। মিছিল শেষে হলে ফেরার পর আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।


নাম প্রকাশ না করার শর্তে সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, মিছিল শেষে হলে ফেরার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।


ভুক্তভোগী মেজবাউল হক মিজু বলেন, রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাঁরা সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে হলে ফিরছিলেন। এ সময় ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা করেন। তাঁর দাবি, তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী তাঁদের ওপর হামলা করেন।


তিনি আরও বলেন, এ এম শোয়াইব সোহরাওয়ার্দী হলের এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে রয়েছেন। শফিকুল ইসলাম গত বুধবার তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পরদিনই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁর একটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।


অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের সবাই সোচ্চার। তবে যেকোনো মিছিল বা সভা করার আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেওয়া হয়। মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে মিছিল করতে বের হলে তাঁরা অনুমতি নিয়েছেন কি না, তা জানতে চান। এ সময় মিজু কেন্দ্রীয় নেতৃত্ব মানেন না বলে জানান। একপর্যায়ে তাঁর অনুসারীরা তায়েফ ও সিফাতসহ কয়েকজনের ওপর হামলা করেন বলে দাবি করেন তিনি। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গত ৫ নভেম্বরও মিজুর অনুসারীরা তাঁদের ওপর একইভাবে হামলা করেছিলেন বলে অভিযোগ করেন তায়েফ।


অভিযোগ অস্বীকার করে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, তাঁরা তিনটি হলের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব। ওই ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগকারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ঘটনার সময় তিনি ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন শফিকুল ইসলাম।


মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সাধারণত কোনো হলে মারামারির ঘটনা ঘটলে অন্য হলের শিক্ষার্থীরা তা দেখতে যান। হয়তো সেদিনও এমনটি হয়েছে। তবে এ বিষয়ে ভাসানী হল থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।


এদিকে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর দাবি, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অভিযোগ করছেন। মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী বলেও দাবি করেন তিনি। হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা বোঝা যাবে বলে মন্তব্য করেন শোয়াইব।


ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষেরই দোষ থাকতে পারে বলে তাঁরা মনে করছেন। হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করা হবে। এরপর তাঁদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।


এমকে/বিএম২৪