নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন, ভোট ২৯ এপ্রিল ২০২৭
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২৯ এপ্রিল বৃহস্পতিবার এ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত দাপ্তরিক কর্মপরিকল্পনা অনুযায়ী, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের কথা রয়েছে।
নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন পর চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার—সবখানেই চলছে নির্বাচনী আলোচনা।
স্থানীয় ভোটাররা বলছেন, তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হয়রানিমুক্ত ইউনিয়ন পরিষদের সেবাকে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে চান তাঁরা।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের চূড়ান্ত তফসিল ও ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা পাওয়ার পর নাসিরনগরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রস্তুতি শুরু হবে। তফসিল ঘোষণার ৩৮ থেকে ৪৫ দিন আগে এ বিষয়ে জানানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সচেতন মহলের প্রত্যাশা, এবারের ইউপি নির্বাচন নাসিরনগরে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এমকে/বিএম২৪









