খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে দুদকের অভিযান
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে রাঙামাটি দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শন করে।
খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকে আবেদন করেছিলেন মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী। গত বছরের ৭ জুলাই তিনি সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং জেলা পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।
ওই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুদকের দলটি জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করে। পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে প্রকল্পগুলোর বরাদ্দ, বাস্তবায়ন পরিস্থিতি ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হচ্ছে।
এমকে/বিএম২৪









