নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের বাজারে মাছের দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ইলিশ, চিংড়ি, পাবদা, রুই, কাতলা থেকে শুরু করে পাঙ্গাশ ও তেলাপিয়া—প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। ফলে অনেক পরিবারের প্রতিদিনের খাবারের তালিকা থেকে মাছ বাদ পড়ার উপক্রম হয়েছে।
বাজারে মাছ কিনতে আসা কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে কেনার মতো কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মাছের দাম তাঁদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি আড়ত থেকে ঢাকার বিভিন্ন বাজারে মাছ সরবরাহ করা হয়। পাইকারদের দাবি, সরবরাহে ঘাটতি ও পরিবহন খরচসহ নানা কারণে মাছের দাম বেড়েছে।
দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বিক্রেতারা বলেন, মাছ ধরতে জেলেদের ডিজেল খরচ হয়। এরপর মাছ পরিবহনের ট্রাকেও জ্বালানি ব্যয় রয়েছে। সব মিলিয়ে এসব খরচের কারণে মাছের দাম বেড়ে যায়। অন্যদিকে, বিদেশ থেকে মাছ আমদানি বন্ধ থাকায় সরবরাহেও প্রভাব পড়ছে।
পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ে আসতে মাছের দাম আরও বেড়ে যায়। প্রতি কেজিতে দামের পার্থক্য দাঁড়ায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন এলাকাভেদেও মাছের দামে তারতম্য দেখা যায়। খুচরা ব্যবসায়ীদের দাবি, মাছের সরবরাহ কম থাকায় দাম বেশি।
তাঁরা আরও বলেন, নদীর মাছের দাম তুলনামূলক বেশি ওঠানামা করে। তবে চাষের মাছের দাম খুব একটা পরিবর্তন হয় না। মাছের আমদানি ও সরবরাহ বাড়লে দাম কমে আসে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাছের উৎপাদন বাড়াতে গিয়ে খামারিদের ব্যয়ও বেড়েছে। বিশেষ করে মাছের খাদ্য বা ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ের পরিমাণ কমে যাওয়ায় দেশি প্রজাতির মাছের উৎপাদনও কিছুটা কমেছে।
এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য পরিচালক মো. মোতালেব হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে মাছের কোনো ঘাটতি নেই। তবে মাছের দাম কিছুটা বেশি হতে পারে। মাছ উৎপাদনের খরচ নির্ভর করে এর উপকরণগুলোর দামের ওপর। মাছের খাবার তৈরির জন্য বিদেশ থেকে অনেক উপকরণ আমদানি করতে হয়। ফিড তৈরিতে ব্যবহৃত এসব উপকরণের দামও অনেক বেশি। এ ছাড়া জলাভূমির পরিমাণ কমে যাওয়া ও দূষণের কারণেও মাছের উৎপাদন কমেছে।
অন্যদিকে, ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতার কারণেও মাছের দাম বেড়ে যাচ্ছে।
ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা দাদন দিয়ে আগেই মাছ কিনে নিচ্ছেন। এর পেছনে এক ধরনের কারসাজি রয়েছে। পাইকারি ও খুচরা পর্যায়ে মাছ কেনাবেচার কোনো রসিদ রাখা হয় না। ফলে ব্যবসায়ীরা কী দামে মাছ কিনছেন এবং কী দামে বিক্রি করছেন, তার কোনো হিসাব পাওয়া যায় না। এ সুযোগে তাঁরা ইচ্ছামতো মুনাফা করছেন।
সাম্প্রতিক বছরগুলোতে দেশে মাছের উৎপাদন বাড়লেও বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মাছের উৎপাদন ৫১ লাখ মেট্রিক টনেরও বেশি হয়েছে।
এমকে/বিএম২৪









