গাজীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
নিয়োগ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন। একই সঙ্গে দালাল চক্রের প্রলোভন ও অসাধু ব্যক্তিদের তৎপরতা থেকে দূরে থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই কনস্টেবল নিয়োগ সম্পন্ন করা হবে। গাজীপুর জেলা পুলিশ একটি নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দিনের কার্যক্রমের জন্য শুভকামনা জানিয়ে দিনের নিয়োগ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি।
নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাকিলা সোলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডপিসি-২) মো. আল-আমীন।
এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, পিপিএম, টাঙ্গাইল জেলার গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, মেডিকেল অফিসারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
এমকে/বিএম২৪








