যথেষ্ট হয়েছে, আর নয়—তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
ছবি: বিডি মেইল
লালমনিরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী ও খুনিদের সমুচিত জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা খাল খননের রাজনীতি করতে চাই। দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাজনীতি করতে চাই। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের আহ্বান জানাতে চাই, যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে।’
আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আওয়ামী লীগের খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। কী সেই জবাব? এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটাই জবাব—এনাফ ইজ এনাফ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দিই, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে কিংবা তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।’
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনীতি, পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি।’
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।
অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে এ দেশের দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের অর্থ বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করা হয়েছে, তা উঠে এসেছে। শুধু দেশের স্বার্থ ও মানুষের স্বার্থই উপেক্ষা করা হয়নি, একই সঙ্গে সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া দেশটির প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ষড়যন্ত্রকারীরা তা আবারও কেড়ে নিতে চায়।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন সময় এসেছে। তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার তাদের করতে দেবেন?’
ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ সময়ে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং ৬০ জন শিশুকে হত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের দেশের ও জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ থাকে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়। তারা নিজেদের ও দেশের অগ্রগতি চায়। দেশের ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে, সেই সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করা হবে।
এরপর বিকেলে জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।








