বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ৬৩০

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ এএম
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ৬৩০

ছবি: সংগৃহীত

বুটেক্স প্রতিনিধি


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি (শুক্রবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী বছরের ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে।


আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে। পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট জিপিএ ১৬.৫০ এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ১৪ হাজার প্রার্থীর তালিকা আগামী ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।


ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ ফেব্রুয়ারি।


লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বরপ্রাপ্ত প্রার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।


এবারের ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে মোট ৬৩০টি আসন রয়েছে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।


অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন রয়েছে। এ ছাড়া টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে ৩০টি আসন।


এমকে/বিএম২৪