বৃষ্টিতে ভিজে অংশ নিলেন রাজনৈতিক কর্মসূচিতে, ১ হাজারের বদলে মিলল ৩০০ টাকা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ এএম
বৃষ্টিতে ভিজে অংশ নিলেন রাজনৈতিক কর্মসূচিতে, ১ হাজারের বদলে মিলল ৩০০ টাকা

ছবি: সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে জনপ্রতি এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নারীদের নাওডোবায় নিয়ে যাওয়ার পর ৩০০ টাকা করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা দলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্মসূচিতে অংশ নেওয়া ভুক্তভোগী নারীরা।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার সামনে নাওডোবা থেকে ফিরে প্রতিশ্রুতির চেয়ে কম টাকা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।


ভুক্তভোগী নারীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শরীয়তপুর পৌরসভার সামনে জেলা মহিলা দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন নারীকে জনপ্রতি ২০০ টাকা দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়। তাঁদের অনেকে ছোট ছোট শিশুসন্তানকেও সঙ্গে নিয়ে আসেন।


পরে বিক্ষোভ মিছিল শেষে তাঁদের নাওডোবায় আরেকটি কর্মসূচিতে যাওয়ার কথা বলা হয়। বৃষ্টির কারণে প্রথমে তাঁরা সেখানে যেতে রাজি হননি। তবে জনপ্রতি এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তাঁরা নাওডোবায় যেতে সম্মত হন।


নারীদের অভিযোগ, দিনভর বৃষ্টির মধ্যে ছোট শিশুদের নিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় শরীয়তপুরে ফিরে তাঁদের জনপ্রতি ৩০০ টাকা করে দেওয়া হয়। প্রতিশ্রুতির চেয়ে কম টাকা দেওয়ায় তাঁরা ওই টাকা নিতে রাজি হননি।


এ সময় একজন গণমাধ্যমকর্মী বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে নারীদের সঙ্গে থাকা কাসেম নামের এক ব্যক্তি তাঁকে ভিডিও মুছে ফেলার জন্য হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।


ভুক্তভোগী এক নারী বলেন, ‘আমাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়ার কথা বলে নাওডোবায় নিয়ে যাওয়া হয়েছে। সারাদিন বৃষ্টির মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে ভিজেছি। অথচ ফিরে আসার পর ৩০০ টাকা করে দিয়েছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’


এ বিষয়ে শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল-আসমা উল হুসনা বলেন, ‘আমি টাকা দিয়ে লোক নেব কেন? অভিযোগ করলেই হলো নাকি, প্রমাণ দেখান।’


তিনি আরও বলেন, ‘কিছু আওয়ামী লীগের মহিলা আছেন, তাঁরা অভিযোগ দিয়ে আমাদের সুন্দর প্রোগ্রামটি নষ্ট করতে চাচ্ছেন।’


এমকে/বিএম২৪