টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছেন অভিনেতা পরেশ রাওয়াল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছেন অভিনেতা পরেশ রাওয়াল

সংগৃহীত

বিনোদন ডেস্ক


বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল জানিয়েছেন, পায়ের গুরুতর চোট থেকে দ্রুত সুস্থ হতে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন তিনি। প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের পরামর্শে এমনটি করেছিলেন বলে জানিয়েছেন এই অভিনেতা।


২০২৫ সালের এপ্রিলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য লালনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান পরেশ রাওয়াল। সম্প্রতি তার সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।


পরেশ রাওয়াল জানান, রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওল অভিনীত ‘ঘাতক’ সিনেমার শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। সিনেমার একটি দৃশ্যে অভিনেতা রাকেশ পান্ডের তাকে মাছের বাজারের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দৃশ্যটির জন্য দেওয়া নতুন জুতা বাজারের ভেজা মেঝেতে অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল।


মহড়ার সময় তেমন সমস্যা না হলেও চূড়ান্ত শুটিংয়ের সময় দৃশ্যটি অনেক বেশি তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে হাঁটুর ওপর পড়ে গুরুতর আহত হন পরেশ রাওয়াল। পরে সহ-অভিনেতা তিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাকে উদ্ধার করে কাছের নানাবতী হাসপাতালে নিয়ে যান।


চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, নিজের অভিনয়জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও করেছিলেন তিনি।


এদিকে হাসপাতালে তাকে দেখতে যান প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন। তিনিই প্রচলিত চিকিৎসার বাইরে গিয়ে পরেশ রাওয়ালকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম মূত্র পান করার পরামর্শ দেন। বীরু দেবগন তাকে জানিয়েছিলেন, অ্যাকশন শিল্পীরাও চোট সারাতে এ পদ্ধতি অনুসরণ করেন। তবে এ জন্য আগের রাতে মদ্যপান না করার শর্ত দিয়েছিলেন তিনি।


পরেশ রাওয়াল জানান, পরামর্শটি গ্রহণ করার পর তিনি বিষয়টি যথাযথভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নেন। এক ঢোঁকে পান না করে বিয়ারের মতো ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতেন। এভাবে টানা ১৫ দিন নিজের মূত্র পান করেন তিনি।


অভিনেতার দাবি, ১৫ দিন পর তার পায়ের আরেকটি এক্স-রে করা হলে চোটের অভাবনীয় উন্নতি দেখা যায়। এতে চিকিৎসকরাও বিস্মিত হন। চিকিৎসকদের ধারণা ছিল, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে। তবে তিনি মাত্র দেড় মাসের মধ্যেই আবার শুটিংয়ে ফিরতে সক্ষম হন।


‘ইউরিন থেরাপি’ সম্পর্কে চিকিৎসাবিজ্ঞান কী বলে?


নিজের মূত্র পান করার এ পদ্ধতি চিকিৎসাবিজ্ঞানে ‘ইউরিন থেরাপি’, ‘ইউরোথেরাপি’ বা ‘ইউরোফ্যাজিয়া’ নামে পরিচিত।


যুক্তরাষ্ট্রের চিকিৎসাকেন্দ্র ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে, কিডনি রক্ত পরিশোধন করে শরীরের অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের করে দেয়। সুস্থ মানুষের মূত্রে সাধারণত প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। বাকি অংশে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটসসহ বিভিন্ন বর্জ্য উপাদান।


তবে মূত্রে পানি ও কিছু প্রাকৃতিক উপাদান থাকলেই তা রোগ নিরাময়ে কার্যকর—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ক্লিভল্যান্ড ক্লিনিক জানিয়েছে, মূত্র সম্পূর্ণ জীবাণুমুক্ত—এমন প্রচলিত ধারণাও সঠিক নয়।


বিশেষজ্ঞদের মতে, পরেশ রাওয়ালের অভিজ্ঞতাকে ব্যক্তিগত ঘটনা হিসেবেই দেখা উচিত। নিজের মূত্র পান করা কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি নয়। তাই এটিকে চিকিৎসার বিকল্প হিসেবে গ্রহণ করা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া অনুসরণ করা উচিত নয়।


এমকে/বিএম২৪