৫ কোটি রুপির বেশি দামের ঘড়ি হাতে শাহরুখ খান, কী আছে এতে?

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
৫ কোটি রুপির বেশি দামের ঘড়ি হাতে শাহরুখ খান, কী আছে এতে?

সংগৃহীত

বিনোদন ডেস্ক


বলিউডের বাদশাহ শাহরুখ খানের স্টাইল ও আভিজাত্য বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার দুবাইয়ে একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক কোটি রুপি দামের বিলাসবহুল ঘড়ি পরে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ঘড়িটি নজরে আসার পর শুরু হয়েছে নানা আলোচনা।


জানা গেছে, ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস সিরিজের। এর দাম ৫ কোটি রুপিরও বেশি।


বুধবার (১১ নভেম্বর) দুবাইয়ে ডানিউবের আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ খান। অনুষ্ঠানে বক্তব্য, রসিকতা এবং ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানের তালে নেচে দর্শকদের আনন্দ দেন তিনি।


এদিন শাহরুখের পরনে ছিল কালো প্যান্ট ও ব্লেজার। ব্লেজারের কলার, হাতা ও পকেটে ছিল বিশেষ নকশার কাজ। সঙ্গে ছিল কালো জুতা, রঙিন কাচের চশমা, ব্রেসলেট, হীরার আংটি, হীরার নেকলেস এবং পরিচিত কালো ইয়ার কাফ।


তবে তার পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাতের ঘড়িটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গুগল লেন্সের অনুসন্ধানে ঘড়িটিকে পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস সিরিজের বলে শনাক্ত করা হয়েছে।


মডেল ও নকশাভেদে ঘড়িটির দাম প্রায় ৩ কোটি থেকে ৬ কোটি রুপির বেশি। বিলাসবহুল ঘড়ি বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ক্রোনো২৪-এ কালো বেজেলের একটি সংস্করণের দাম ৩ কোটি ৮ লাখ রুপি। অন্যদিকে, নীল বেজেলের দুটি সংস্করণের দাম যথাক্রমে ৫ কোটি ২২ লাখ ও ৬ কোটি ৩ লাখ রুপি।


ঘড়িটির বিশেষ একটি সংস্করণের মডেল পাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশনস ৫২৭১/১১পি-০১০। এর ব্যাস ৪১ মিলিমিটার। প্লাটিনাম দিয়ে তৈরি এই ঘড়ির বেজেল ও দুই পাশের অংশে বসানো হয়েছে ৫৮টি ব্যাগেট কাট নীল নীলকান্তমণি। এ ছাড়া ঘড়িটির ভাঁজ করা ক্ল্যাস্পেও রয়েছে আরও ২২টি ব্যাগেট কাট নীল নীলকান্তমণি।


মূল্যবান রত্নপাথর, অভিজাত নির্মাণশৈলী ও সূক্ষ্ম কারুকাজের সমন্বয়ে তৈরি ঘড়িটি বিলাসবহুল ঘড়ির জগতে বিশেষ স্থান দখল করে আছে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলিউড নির্মাতা করণ জোহর। একপর্যায়ে নিজের বাড়ি মান্নাতের সিদ্ধান্ত গ্রহণে স্ত্রী গৌরী খানের প্রভাব নিয়ে মজা করেন শাহরুখ।


হাস্যরসের ছলে তিনি বলেন, নিজের বাড়িতে কোনো কিছু নিয়েই সিদ্ধান্ত দেওয়ার সুযোগ পান না তিনি। বাড়ির সবকিছুই গৌরী খানের পছন্দ ও সিদ্ধান্ত অনুযায়ী চলে।


শাহরুখের ভাষায়, বাড়ির ওয়াই-ফাই, বিছানায় বসে খাবার খাওয়া, দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি কিংবা আলোর ব্যবস্থা—কোনো বিষয়েই তার কথা বলার সুযোগ নেই। এসব বিষয়ে গৌরীর সিদ্ধান্তই চূড়ান্ত। তার এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।


সূত্র: এনডিটিভি।


এমকে/বিএম২৪