‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

সংগৃহীত

বিনোদন ডেস্ক


আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে সাংবাদিকদের কাছে পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক আয়োজনে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।


গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’


পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, সেলিব্রিটি ও মিডিয়াসংশ্লিষ্ট সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।


পরীমনির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে।’


তিনি আরও বলেন, দেশজুড়ে এ ঘটনা নিয়ে যে আলোচনা চলছে, তার অবসান ঘটাতে এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত।


উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির অনভিপ্রেত আচরণের ঘটনা নিয়ে বিনোদন অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।


এমকে/বিএম২৪