কোমর ব্যথায় ভুল চিকিৎসা নয়, সঠিক ফিজিওথেরাপিতেই মুক্তি
সংগৃহীত
লেখক: আসাদুল ইসলাম, সিআরপি
কোমর ব্যথা হলেই ব্যথার ওষুধ আর ম্যাসাজ নয়। প্রথমেই শরণাপন্ন হোন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের। তিনিই বলে দেবেন আপনার ফিজিওথেরাপি লাগবে, নাকি অন্য চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
সকালে ঘুম থেকে উঠে কোমরে টান, চেয়ার থেকে উঠতে গেলে ব্যথা, ভারী কিছু তুললেই কোমর ধরে যাওয়া—এ যেন এখন ঘরে ঘরে সাধারণ সমস্যা। পরিসংখ্যান বলছে, জীবনে কোনো না কোনো সময় ৮০ ভাগ মানুষ কোমর ব্যথায় ভোগেন। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যথার সঠিক চিকিৎসা না নিয়ে বেশিরভাগ মানুষ ছুটছেন ভুল জায়গায়।
গ্রামে-গঞ্জে, হাট-বাজারে, এমনকি শহরের অলিগলিতেও এখন গজিয়ে উঠেছে ব্যথার চিকিৎসাকেন্দ্র। সেখানে সাদা অ্যাপ্রোন পরে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে চিকিৎসা দিচ্ছেন এমন অনেকেই, যাদের ফিজিওথেরাপি বিষয়ে কোনো ডিগ্রিই নেই। এই বাস্তবতা তুলে ধরেছেন বিএইচপিআই, সিআরপির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম।
কোমর ব্যথা মানেই শুধু ব্যথার ওষুধ নয়। কোমর ব্যথার কারণ অনেক। মাংসপেশিতে টান, ডিস্কের সমস্যা, মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া, দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভুল পজিশনে ভারী জিনিস তোলা, এমনকি অতিরিক্ত ওজন—সবই এর কারণ হতে পারে। আবার কখনো কখনো কোমর ব্যথা হতে পারে কিডনির সমস্যা, টিউমার বা যক্ষ্মার মতো মারাত্মক রোগের লক্ষণ। তাই ব্যথা হলেই শুধু ব্যথার ওষুধ খেয়ে বা ম্যাসাজ করে চাপা দিয়ে রাখা বিপজ্জনক। ব্যথার ওষুধ ব্যথা কমায়, কিন্তু ব্যথার কারণ ঠিক করে না। উল্টো দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। এখানেই আসে ফিজিওথেরাপির ভূমিকা।
বিশ্বের উন্নত দেশগুলোতে কোমর ব্যথা হলে রোগী প্রথমে যান ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে। তাঁকে বলা হয় ফার্স্ট কন্টাক্ট প্র্যাকটিশনার। অর্থাৎ, প্রথম সাক্ষাৎকারী চিকিৎসক।
বাংলাদেশেও এখন এই ব্যবস্থা চালু হওয়া জরুরি। একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসক রোগীকে প্রথমে ভালোভাবে পরীক্ষা করে দেখেন—ব্যথাটা কোথা থেকে আসছে, নার্ভে চাপ আছে কি না, হাড়ে কোনো সমস্যা আছে কি না। তারপর তিনি সিদ্ধান্ত নেন, রোগীর ফিজিওথেরাপি লাগবে, নাকি অন্য বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে। এটাই হলো আধুনিক রেফারেল সিস্টেম।
ফিজিওথেরাপি কাদের কাছ থেকে নেবেন, কাদের থেকে সতর্ক থাকবেন!
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ভুল হাতে ফিজিওথেরাপি নিলে ব্যথা কমার বদলে শারীরিক জটিলতা বাড়ার ঝুঁকি থাকে। যিনি ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি)/ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি (বিএসপিটি) ডিগ্রিধারী, তাঁর কাছ থেকে ফিজিওথেরাপি নেওয়া উচিত। এটি চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স ও এক বছরের ইন্টার্নশিপ। তাঁর বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সরকারি স্বীকৃত নিবন্ধন থাকবে এবং পেশাজীবী সংগঠন বিপিএর সদস্যপদ নম্বর থাকবে। তিনি প্রথমেই আপনার রোগের ইতিহাস শুনবেন, এক্স-রে বা এমআরআই দেখবেন এবং নিজে হাতে পরীক্ষা করে দেখবেন। এরপর আপনাকে ব্যায়াম শেখাবেন, থেরাপিউটিক ম্যানিপুলেশন দেবেন এবং আপনার রোগের কারণ বুঝিয়ে দেবেন।
যিনি দুই-তিন মাসের শর্ট কোর্স করে বা কোনো কোর্স ছাড়াই ফিজিওথেরাপিস্ট সেজে বসেছেন, তাঁর কাছ থেকে সতর্ক থাকুন। যিনি আপনাকে না দেখেই শুধু মেশিনে শক দেন, মালিশ বা ম্যাসাজ করে ছেড়ে দেন, যিনি গ্যারান্টি দিয়ে বলেন, ‘একবারেই ভালো হয়ে যাবে’, যিনি ফার্মেসির ভেতরে বা সেলুনে মেশিন বসিয়ে চিকিৎসা দেন কিংবা ব্যথার ওষুধ, ইনজেকশন বা কবিরাজি তেল দিয়ে ফিজিওথেরাপির নামে চিকিৎসা করেন, তাঁদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মনে রাখবেন, ফিজিওথেরাপি মানে শুধু মেশিনের তাপ বা মালিশ নয়। ফিজিওথেরাপি মানে সঠিক ডায়াগনসিস, সঠিক এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি এবং জীবনযাত্রার পরিবর্তন।
যদি ফিজিওথেরাপি চিকিৎসক দেখেন রোগীর পায়ে অবশ ভাব, প্রস্রাব-পায়খানা আটকে যাচ্ছে, রাতে জ্বরসহ কোমর ব্যথা, হঠাৎ ওজন কমে যাচ্ছে কিংবা আঘাতজনিত ফ্র্যাকচার বা হাড় ভাঙার সমস্যা রয়েছে, তাহলে তিনি সঙ্গে সঙ্গে রোগীকে অর্থোপেডিক, নিউরোলজি বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে রেফার করবেন।
আবার একজন চিকিৎসক যখন দেখেন অস্ত্রোপচারের পর বা স্ট্রোকের কারণে রোগীর ফিজিওথেরাপি প্রয়োজন, তখন তিনি রোগীকে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করবেন। এই আদান-প্রদানই সুস্থ রেফারেল সিস্টেম। এতে রোগীর হয়রানি কমে, খরচ কমে এবং ভুল চিকিৎসা বন্ধ হয়।
শেষ কথা একটাই, কোমর আপনার শরীরের প্রধান ভিত্তি। এই ভিত্তি ভুল লোকের হাতে তুলে দেবেন না। ডিগ্রি দেখুন, পরিচয় যাচাই করুন, তারপর চিকিৎসা নিন। সঠিক ফিজিওথেরাপি আপনাকে প্রয়োজন অনুযায়ী ওষুধ ও অস্ত্রোপচার ছাড়াই সুস্থ জীবনে ফিরতে সহায়তা করতে পারে।
এমকে/বিএম২৪









