অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় চলচ্চিত্র প্রদর্শনী, পাশে নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ
ফাইল ছবি
মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি
দুটি কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহ। জীবন বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি তাঁর প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। এ জন্য প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। বিপুল এই চিকিৎসাব্যয় সংগ্রহে তাঁর পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ।
রহমত উল্লাহর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে প্রদর্শিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘সহজ পাঠের গপ্পো’ (Colour of Innocence)। চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ তাঁর চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনে ব্যয় করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমত উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ সেপ্টেম্বর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির পর চিকিৎসকেরা তাঁর দুটি কিডনি বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তাঁকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিতে হচ্ছে। পাশাপাশি রক্তস্বল্পতাসহ অন্যান্য শারীরিক জটিলতার চিকিৎসাও চলছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত তাঁর কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা মিলিয়ে এতে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হতে পারে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় অর্থ সংগ্রহে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ। সংগঠনটির সভাপতি নাহিদ পারভেজ বলেন, চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মাধ্যম হিসেবেও কাজে লাগাতে চান তাঁরা। তাঁদের সংগঠনেরই একজন শিক্ষার্থীর জীবন বাঁচানোর লড়াইয়ে সহযোগিতার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ নভেম্বর মানস মুকুল পাল পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘সহজ পাঠের গপ্পো’ চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী হবে। এ আয়োজন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ রহমত উল্লাহর চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের জন্য দেওয়া হবে।
নাহিদ পারভেজ আরও বলেন, এটি তাঁদের কাছে কেবল চলচ্চিত্র প্রদর্শনী নয়; বরং বিশ্ববিদ্যালয় পরিবারের একজন শিক্ষার্থীর নতুন জীবন ফিরে পাওয়ার লড়াইয়ে সম্মিলিতভাবে পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আয়োজকেরা জানান, চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় এবং দ্বিতীয় প্রদর্শনী রাত আটটায়। আগামী ১২ নভেম্বর থেকে শান্তিনিকেতন, প্রশান্তি পার্ক ও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
এদিকে রহমত উল্লাহর চিকিৎসায় সহযোগিতার জন্য সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।
আর্থিক সহায়তা পাঠানোর তথ্য
ব্যাংক হিসাব: ৪৪০৫৭০০৩২৬৩৭
ব্যাংকের নাম: সোনালী ব্যাংক
হিসাবের নাম: জি এম রাকিবুল ইসলাম, চেয়ারম্যান, শিক্ষা প্রশাসন বিভাগ, নোবিপ্রবি
বিকাশ, নগদ ও রকেট: ০১৮২২৭৪৬১৭৫
চিকিৎসাসংক্রান্ত তথ্য যাচাই ও বিস্তারিত জানতে একই নম্বরে যোগাযোগ করা যাবে।
এ মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য চলচ্চিত্রটির পরিচালক মানস মুকুল পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নোবিপ্রবি চলচ্চিত্র সংসদ।









