কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

সংগৃহীত

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে মো. রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।


শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রতন মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে চার পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার করা উপকরণের মধ্যে ফয়েল পেপার ও সেবনের কাজে ব্যবহৃত বোতল ছিল।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নম্বর ২১/২০২৬। আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের ডি.সি.আর. নম্বর ৮৬৩২৫২।


অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


এমকে/বিএম২৪