গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিছিল নিয়ে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ বিষয়ে জানতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়ার সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরদিন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এস এম জিলানী, ডা. কে এম বাবর ও সেলিমুজ্জামান মোল্যা—তিনজনই বিএনপি মনোনীত সংসদ সদস্য।









