পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিফিন বক্সে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
সংগৃহীত
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সের মতো বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রাখে। বক্সের ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিকেল ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়করণ দল।
জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্সের আকারের একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। বস্তুটি টেপ দিয়ে মোড়ানো থাকায় সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে বস্তুটির চারপাশ ঘিরে রাখে।
সন্দেহজনক বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সকালে ফ্রন্ট ডেস্কে কর্মরত ব্যক্তিরা সেখানে এসে বস্তুটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলকেও খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।
এমকে/বিএম২৪








