রেইচা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান বিএনপি নেতা সরোয়ার জামান
সংগৃহীত
বান্দরবান জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতা সরোয়ার জামান। দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন দীর্ঘদিনের এই রাজনৈতিক নেতা।
দলীয় সূত্রে জানা যায়, সরোয়ার জামান ১৯৯৩ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে ছয় বছর এবং পরবর্তী সময়ে আহ্বায়ক হিসেবে দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সরোয়ার জামান। স্থানীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের শাসনামলে তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এ ছাড়া হামলা ও কারাবাসের মতো পরিস্থিতিরও শিকার হয়েছেন তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে সরোয়ার জামান বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছি এবং নানা ত্যাগ স্বীকার করেছি। সেই ধারাবাহিকতায় এবার রেইচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করছি।
তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে দলীয় নেতাকর্মী ও রেইচাবাসীর ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এমকে/বিএম২৪








