সিসিটিভির বাইরে নিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. রাকিবুল ইসলাম (২৫)। তিনি উপজেলার মৌতলা গ্রামের মো. সুলতান মাহমুদের ছেলে। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহিউসসুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক।
শিশুটির বাবার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাঁর ছেলে ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক রাকিবুল ইসলাম বিভিন্ন সময়ে শিশুটিকে মাদরাসার সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে সিঁড়ির নিচে নিয়ে যেতেন। সেখানে নিজের গোপন অঙ্গে তেল মালিশ করানোর জন্য শিশুটিকে চাপ দিতেন। এতে রাজি না হলে প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে তাকে বাধ্য করা হতো।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর ফজরের নামাজের সময় অন্য শিক্ষার্থীরা চলে গেলে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে একা আটকে রেখে সিঁড়ির নিচে নিয়ে একই কাজ করান। পরে শিশুটি বিষয়টি কয়েকজন সহপাঠীকে জানায়। গত ২০ নভেম্বর বিকেলে ঘটনাটি মাদরাসা কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক দ্রুত মাদরাসা ছেড়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির বাবা জানান, ছেলে বিষয়টি তাঁকে জানানোর পর তিনি মাদরাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তাঁর। পরে অন্য শিক্ষার্থীদের মাধ্যমে তিনি জানতে পারেন, এর আগেও একাধিক শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনাও গোপন রাখা হয়েছিল।
ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা বলেন, ‘আগে এসব ঘটনার প্রতিবাদ হলে হয়তো আজ আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটত না। একজন বাবা হিসেবে আমি চাই না, আমার সন্তানের মতো অন্য কোনো শিশু এমন পরিস্থিতির শিকার হোক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মাদরাসার প্রধান হাফেজ মো. ইউনুছ আলী বলেন, শিক্ষকের বিরুদ্ধে এমন ঘটনার অভিযোগ শুনে তিনি মর্মাহত। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মাদরাসা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রেজা বলেন, বিষয়টি জানার পর কমিটির সদস্যরা বৈঠক করেছেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা চেষ্টা করছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








