চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি
সংগৃহীত
জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হওয়ার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রেলপথের বিভিন্ন স্থানে অবৈধ ক্রসিং, যানবাহন চালকদের বেপরোয়া আচরণ এবং স্থানীয় মানুষের অসচেতনতাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম শেডের সহকারী লোকোমাস্টার অনিক বি. সৈকত।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পোস্টে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এসব কথা বলেন। তাঁর দাবি, দোহাজারীর পর নতুন রেলপথের বিভিন্ন স্থানে প্রায় ২০০ মিটার পরপর অবৈধ ক্রসিং রয়েছে। আর ইসলামাবাদ-কক্সবাজার অংশে কোথাও কোথাও ১০০ মিটার পরপরও এমন ক্রসিং দেখা যায়।
ফেসবুক পোস্টে অনিক বি. সৈকত উল্লেখ করেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। গত এক মাসের মধ্যে দোহাজারীর পর ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) রামুতে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথ হওয়ায় স্থানীয় অনেক মানুষের কাছে ট্রেন এখনো নতুন অভিজ্ঞতা। রেললাইনের ওপর পাথর সাজিয়ে রাখা কিংবা ট্রেন আসার সময়ও লাইনের আশপাশে অসতর্কভাবে চলাফেরার মতো ঘটনা ঘটছে। এমনকি শিশুদের পাশাপাশি বয়স্কদেরও এ ধরনের কর্মকাণ্ডে দেখা যায়।
অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের চালকদের বেপরোয়া আচরণের বিষয়টিও তুলে ধরেন এই লোকোমাস্টার। তাঁর মতে, রেললাইনের সমান্তরাল সড়কে চলাচলের সময় অনেক চালক ট্রেনের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেন। আবার আড়াআড়ি সড়কে ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়ার প্রবণতা রয়েছে তাঁদের মধ্যে। ট্রেনের হুইসেল শোনার পরও অনেকে সতর্ক হন না। এসব যানবাহনের চালকদের বড় একটি অংশ কিশোর কিংবা সদ্য যুবক বলেও দাবি করেন তিনি।
অবৈধ রেলক্রসিংয়ের বিষয়ে অনিক বি. সৈকত বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন গ্রাম ও পাড়ার জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে একটি রাস্তা তৈরি করে রেললাইন পার হওয়ার পর সেটি বিভিন্ন দিকে ভাগ করে নেওয়া সম্ভব হলেও বিচ্ছিন্নভাবে একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে। পরে এসব ক্রসিংয়ের নিরাপত্তার দায়িত্ব রেলওয়ের ওপর চাপানো হচ্ছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচলের সময় অন্য রুটের তুলনায় অনেক বেশি হুইসেল দিতে হয়। বিশেষ করে নতুন রেলপথের বিভিন্ন সড়কে যানবাহন চালকদের মধ্যে ট্রেনের আগে পার হওয়ার প্রবণতা দেখা যায়। দোহাজারীর পর এই রুটে ট্রেন ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলাচল করে। ফলে সংঘর্ষ ঘটলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি থাকে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে রেলপথের আশপাশের প্রতিটি গ্রাম ও পাড়ায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ জন্য স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যত্রতত্র রাস্তা তৈরি করে রেলওয়ের কাছে বৈধতা দাবি না করে নিরাপদ পারাপার ও জনসচেতনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এই সহকারী লোকোমাস্টার।
উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এমকে/বিএম২৪








