স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি প্রশিক্ষণ শুরু

ছবি: বিডি মেইল

মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ডি-নথি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।


বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে সিএসটিই বিভাগের ল্যাব কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারের ওপর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগেও এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা এবং পেপারলেস প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ডি-নথি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, ডি-নথির মাধ্যমে যেকোনো স্থান থেকে ফাইল নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে প্রশাসনিক কাজে গতি, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি সময়ের অপচয় কমবে। আগামী বছর থেকেই ডি-নথির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি।


আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।


প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. মাঈনুদ্দীন ও ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মিরাজ হোসেন। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান।


দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার কর্মকর্তারা অংশ নিচ্ছেন।