‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামালের জামিন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামালের জামিন

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া আলোচিত আইনজীবী এম কামাল উদ্দিনকে আটকের পর জামিন দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শনিবার (১৪ নভেম্বর) পরিবারের কোনো সদস্য থানায় না আসায় তাঁকে আদালতে হস্তান্তর করে পুলিশ। পরে আদালত তাঁকে জামিন দেন।


কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কামাল উদ্দিন নামে ওই আইনজীবীকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাঁর পরিবারের কোনো সদস্য না আসায় পরিবারের জিম্মায় দেওয়া সম্ভব হয়নি। এরপর আদালতে হস্তান্তর করা হলে আদালত তাঁকে জামিন দেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাসা ঘেরাও করে তাঁকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।


এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


এমকে/বিএম২৪