শৈশবেই ডায়াবেটিস, বাড়ছে আজীবন চিকিৎসার বোঝা
সংগৃহীত
ডেস্ক রিপোর্ট
মাত্র চার বছর বয়সে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হয় সানজিদা আফরিন। এখন তার বয়স ১০ বছর। যে বয়সে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আর আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে নিয়মিত ইনসুলিন নেওয়া, রক্তে শর্করা পরীক্ষা আর চিকিৎসার নিয়ম মেনেই কাটছে তার দিন। শৈশবের স্বাভাবিক আনন্দের বদলে চিকিৎসার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাকে।
গত ৫ নভেম্বর প্রচণ্ড জ্বরের পরদিন শক সিনড্রোমে আক্রান্ত হয় সানজিদা। মেয়েকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় আসেন তার মা মুসলিমা খাতুন। সানজিদার বাবা বিমানবাহিনীর প্রয়াত সদস্য। প্রথমে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৮ নভেম্বর নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
সানজিদার মা মুসলিমা খাতুন জানান, চার বছর বয়সে মেয়ের টাইপ-১ ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত ইনসুলিন দিতে হচ্ছে। স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে নিয়ে সংসার চালাতে হচ্ছে তাকে। সামান্য পেনশনের টাকায় সংসার চালানোর পাশাপাশি মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বিনামূল্যে ইনসুলিন পেলেও পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।
সানজিদার মতো কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার বোঝা বহন করতে হচ্ছে আরও অনেককে। ২৬ বছর বয়সী রবিউল ইসলামের টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয় ২০১৮ সালে। এরপর থেকে ওষুধ, চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্রতি মাসে তার খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। ডায়াবেটিসের পাশাপাশি রক্তচাপ, চোখ ও হৃদ্যন্ত্রের জটিলতাও দেখা দিয়েছে তার। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
একসময় শিশুদের ডায়াবেটিসকে তুলনামূলক বিরল রোগ মনে করা হলেও বাংলাদেশে শিশু-কিশোরদের মধ্যে টাইপ-১ ও টাইপ-২—দুই ধরনের ডায়াবেটিসই শনাক্ত হচ্ছে। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সারা জীবন ইনসুলিনের ওপর নির্ভর করতে হয়। নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলাও জরুরি। কিন্তু রোগ শনাক্তে দেরি, চিকিৎসার উচ্চ ব্যয় এবং বিশেষায়িত সেবার সীমিত সুযোগের কারণে বাড়ছে পরিবারগুলোর আর্থিক ও মানসিক চাপ।
ঢাকা জেলার শিশু-কিশোরদের মধ্যে ডায়াবেটিসের নতুন রোগী শনাক্তের হার নিয়ে করা এক গবেষণায় ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের কম বয়সীদের তথ্য বিশ্লেষণ করা হয়। আট বছরে নতুন শনাক্ত হওয়া ৭২৫ জন রোগীর মধ্যে ৪৮২ জন (৬৬ দশমিক ৫ শতাংশ) টাইপ-১ এবং ২০৫ জন (২৮ দশমিক ৩ শতাংশ) টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ছিল। অন্যদের মধ্যে ১৪ জনের অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদি ক্ষয়জনিত ডায়াবেটিস এবং ২৪ জনের অন্যান্য ধরনের ডায়াবেটিস শনাক্ত হয়।
গবেষণায় দেখা যায়, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। এ বয়সী রোগীর হার ৪৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের হার ২০১১ সালে প্রতি লাখে শূন্য দশমিক ২২ থেকে বেড়ে ২০১৮ সালে শূন্য দশমিক ৫৭-এ দাঁড়ায়। এ ক্ষেত্রে বছরে গড়ে ১২ শতাংশ বৃদ্ধির প্রবণতা পাওয়া যায়।
এ ছাড়া ২০২৬ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশের স্কুলগামী শিশুদের মধ্যে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের প্রকোপ নিয়ে করা আরেক গবেষণায় ৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে তিনজনের ডায়াবেটিস এবং ১৯ জনের প্রি-ডায়াবেটিস শনাক্ত হয়। শিক্ষার্থীদের মধ্যে ডায়াবেটিসের হার ছিল শূন্য দশমিক ০৯ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার শূন্য দশমিক ৫৬৯ শতাংশ। পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস ও স্থূলতার সঙ্গে এ রোগের ঝুঁকির সম্পর্কও উঠে আসে।
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ২০ বছরের কম বয়সীদের সংখ্যা প্রায় ২৫ লাখ। তাদের বেশির ভাগই টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। তবে দেশে সব বয়সী নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা ৭২ লাখ।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের টাইপ-১ ডায়াবেটিসের অন্যতম কারণ শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হওয়া। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তার সম্পর্ক রয়েছে। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এ কারণে শিশুদের সুষম খাবার, নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন তারা।
বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হাসান মোল্লা বলেন, শিশুদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে টাইপ-১ ডায়াবেটিস দেখা যায়। এ ধরনের ডায়াবেটিসে ইনসুলিন দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। শিশুর শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হওয়ায় গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। এ অবস্থায় শরীর শক্তির চাহিদা পূরণে প্রোটিন ভাঙতে শুরু করে। এ প্রক্রিয়া বন্ধ করতে ইনসুলিন দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসও শনাক্ত হচ্ছে। এ ধরনের ডায়াবেটিস অনেক ক্ষেত্রে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। শিশুর ওজন বেড়ে গেলে বা অতিরিক্ত প্রস্রাবের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো উচিত। অতিরিক্ত ওজন কমানো, সুষম খাবার খাওয়া, ফাস্টফুড, চর্বিযুক্ত খাবার ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত হাঁটা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার আক্রান্ত হলে তা পুরোপুরি সেরে যায় না। তবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তরুণদের মধ্যেও ডায়াবেটিসের হার বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ডায়াবেটিস প্রতিরোধ ও এর জটিলতা মোকাবিলায় সময়মতো ব্যবস্থা নেওয়ার গুরুত্ব তুলে ধরে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ৮০ শতাংশ ডায়াবেটিস রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশ রোগীর রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ৪০ বছরের বেশি বয়সী ৬০ শতাংশ রোগীর জন্য স্ট্যাটিন গ্রহণ নিশ্চিত করা এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শতভাগ রোগীর কাছে ইনসুলিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
তবে এসব লক্ষ্যমাত্রার কোনোটিই এখনো পূরণ হয়নি বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ কে আজাদ খান। তিনি বলেন, বাংলাদেশে এখনো প্রায় অর্ধেক ডায়াবেটিস রোগী রোগ শনাক্তের পরীক্ষার আওতার বাইরে রয়েছেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে প্রয়োজনীয় অগ্রগতি দেখা যাচ্ছে না।
শিশু ও তরুণ বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হলে দীর্ঘ সময় ধরে চিকিৎসার ব্যয় বহন করতে হয়। এ বিষয়ে বারডেম একাডেমির জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, শিশু ও তরুণদের ডায়াবেটিসের চিকিৎসায় বছরে অন্তত এক হাজার মার্কিন ডলার খরচ হয়। যাদের রোগজনিত জটিলতা বেশি, তাদের ক্ষেত্রে এ ব্যয় দ্বিগুণ হয়ে যায়। তাই আক্রান্তদের যত দ্রুত সম্ভব চিকিৎসাসেবার আওতায় আনা গেলে ভবিষ্যতে বড় ধরনের চিকিৎসা ব্যয় এড়ানো সম্ভব।
এমকে/বিএম২৪









