চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটি মহল আবারও ষড়যন্ত্র শুরু করেছে। ২০২৪ সালে যেভাবে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল, ঠিক সেভাবেই এখন আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে, তারা মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪, ২০১৮ ও ‘আমি-ডামি’ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ কি আবারও এমন নির্বাচন চায়?
তারেক রহমান বলেন, যারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন করেনি। এ অঞ্চলে গ্যাস সংযোগ কিংবা অর্থনৈতিক অঞ্চলও গড়ে তোলেনি। কারণ, দেশের মানুষের প্রতি তাদের দরদ ছিল না বলে মন্তব্য করেন তিনি।
অর্থপাচারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও ওই মহলটি দেশের ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, বাক্স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। জনগণ কি আবার গুম-খুনের রাজনীতি কিংবা ভোটাধিকার হরণের সুযোগ দেবে—এমন প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ক্ষমতায় থাকার সময় মানুষের সম্পত্তি লুট, নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরও অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ক্ষমতা ধরে রাখতে ১ হাজার ৪০০ মানুষ এবং ৬০ শিশুকে হত্যা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোট দখলের রাজনীতিতে ফিরতে চায় না। তারা নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। এ লক্ষ্য অর্জনে ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করা সব রাজনৈতিক দলকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তাঁর সরকার খাল খনন, শিল্পকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন এবং শিক্ষার প্রসারে কাজ করতে চায়। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
লালমনিরহাটবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের সব গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তাঁর ভাষ্য, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নসহ মানুষের ভাগ্যের পরিবর্তন।









