গোপালগঞ্জে মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা মুকসুদপুর থানার সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপের পর থানার ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান।
পরে থানার ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে রাখা কয়েকটি গাড়ি পুড়ে যায়। ঘটনার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।









