সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার প্রতিনিধি


ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরনিমা নামের পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তাঁরা সেখানে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।


শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


তিনি আরও জানান, অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ রয়েছে। ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৯টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদন কার্যক্রমে অংশ নেননি।