ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ময়মনসিংহে ‘জলসায়ে ইত্তিহাদ’

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ময়মনসিংহে ‘জলসায়ে ইত্তিহাদ’

সংগৃহীত

 রাকিবুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি


কওমি ও জেনারেল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী আয়োজন ‘জলসায়ে ইত্তিহাদ’। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে দিনব্যাপী এ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


জামিয়া ফয়জুর রহমান (রহ.), বড় মসজিদ, মোমেনশাহীর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামি আলোচনা, নাশিদ, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক মতবিনিময়সহ নানা আয়োজন থাকছে। অনুষ্ঠান চলবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।


আয়োজকদের মতে, কওমি ও জেনারেল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি সুস্থ, সুন্দর ও শালীন ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। অপসংস্কৃতির বিপরীতে ইতিবাচক সাংস্কৃতিক চর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।


আয়োজনকে কেন্দ্র করে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ইসলামি আলোচক, শিল্পী, কবি, সাহিত্যিক, লেখক ও গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা।


অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আযীযুল হক মুয়াজ এবং প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক এইচ.এম. নাঈম হাসান জানান, কওমি ও জেনারেল শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে এ আয়োজন ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। দেশ ও জাতির কল্যাণে সব ধারার শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক বিভেদ ও দূরত্ব ভুলে তরুণ প্রজন্মের মধ্যে শ্রদ্ধাবোধ, ইতিবাচক চিন্তা ও সম্মিলিত পথচলার অনুপ্রেরণা তৈরি করাই তাঁদের অন্যতম উদ্দেশ্য।


তারা আরও বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা এবং মহান আল্লাহর রহমতে ‘জলসায়ে ইত্তিহাদ’ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।


আয়োজকেরা জানান, অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজন বৃহত্তর ময়মনসিংহসহ সারা দেশে কওমি ও জেনারেল শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।


আয়োজনে: জামিয়া ফয়জুর রহমান (রহ.), বড় মসজিদ, মোমেনশাহীর শিক্ষার্থীবৃন্দ।


স্থান: সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ।


তারিখ: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার।


সময়: দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট।


এমকে/বিএম২৪