রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন, রেললাইনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


রাজশাহীতে একই রাতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ও লাল নিশানা টানিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরীর ভেড়িপাড়া মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং জেলার বাঘা উপজেলায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন বিআরটিসি বাস ডিপোতে একটি নন-এসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা বিআরটিসির আরেকটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়েছে।


দায়িত্বরত নৈশপ্রহরী ও স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


এর আগে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের বাগমারী গ্রামের কাছে রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রেললাইনে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়।


এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মেইল ট্রেন আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে লাল নিশানা সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এতে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।


রেলওয়ে পুলিশের ভাষ্য, রেললাইনে আগুন ও লাল নিশানা টানানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা জড়িত। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


এদিকে একই রাতে নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পাশাপাশি জেলার বাঘা উপজেলায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে সেগুলো উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ কাজ করছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


এমকে/বিএম২৪