কালীগঞ্জে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানিক, ৪০ অসহায় বিধবা পেলেন তৃপ্তির খাবার
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন মোহাম্মদ মোদাব্বির হোসেন (মানিক)। প্রয়াত দাদা-দাদি ও বাবা-মায়ের স্মরণে ৪০ জন অসহায় বিধবা নারীকে হোটেলে বসিয়ে তৃপ্তি সহকারে দুপুরের খাবার খাওয়ান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৪০ জন অসহায় নারীকে নিয়ে স্থানীয় হোটেল আলামিনে দুপুরের খাবারের আয়োজন করেন মানিক। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, সবজি, গরুর মাংস ও ডাল।
মানিক জানান, দীর্ঘদিনের ইচ্ছা ছিল প্রয়াত দাদা-দাদি ও বাবা-মায়ের স্মরণে ৪০ জন অসহায় বিধবা নারীকে একবেলা তৃপ্তি সহকারে খাওয়ানোর। তিনি বলেন, ‘সবকিছুর মালিক মহান আল্লাহ। আমি শুধু উসিলা মাত্র। প্রতি বছর ভাটিরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে খাবারের আয়োজন করতাম। এবার ব্যতিক্রমীভাবে অসহায় বিধবা নারীদের নিয়ে খাওয়ানোর ইচ্ছা পূরণ করলাম। জীবনের শেষ দিন পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকতে চাই। মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।’
খাবার খেয়ে আবেগাপ্লুত হয়ে দড়িসোম এলাকার তাসলিমা বলেন, ‘অনেক দিন পর আজ মানিক বাবার আয়োজনে পেটভরে গরুর মাংস দিয়ে ভাত খেলাম। আমাদের মতো অসহায় মানুষের পক্ষে ৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস কেনা সম্ভব নয়। কোরবানির ঈদ ছাড়া গরুর মাংস খাওয়ার সুযোগও হয় না। আল্লাহ যেন মানিক বাবাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন।’
অন্যদিকে, শিমুলিয়া এলাকার মরিয়ম বিবি তাঁর বাক্প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খাবার খেয়ে মানিকের মাথায় হাত রেখে দোয়া করেন। তিনি বলেন, ‘আজ আমি ও আমার অসহায় প্রতিবন্ধী মেয়েটি পেটভরে খাবার খেয়েছি। ঈদের সময়ও মানিক বাবা আমাদের নগদ টাকা, কাপড় ও ঈদসামগ্রী দিয়ে সহযোগিতা করেন। প্রয়োজনে ওষুধ কেনার টাকাও দেন। আল্লাহ তাঁকে ভালো রাখুন।’
এ বিষয়ে সাংবাদিক মোঃ শাহনেওয়াজ বলেন, মানিক প্রায়ই কালীগঞ্জের বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে খাবারের আয়োজন করেন। তবে ৪০ জন অসহায় বিধবা নারীকে একসঙ্গে নিয়ে এমন আয়োজন সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। তাঁর মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হোক—এটাই প্রত্যাশা।
স্থানীয়দের মতে, সমাজের বিত্তবানরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক মানুষের মুখে হাসি ফুটবে। মানিকের এই উদ্যোগ মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমকে/বিএম২৪








