খাগড়াছড়িতে মন্দির ও মসজিদের সড়কে পৌরসভার ময়লার ভাগাড়, ভোগান্তিতে মুসল্লি ও দর্শনার্থীরা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
খাগড়াছড়িতে মন্দির ও মসজিদের সড়কে পৌরসভার ময়লার ভাগাড়, ভোগান্তিতে মুসল্লি ও দর্শনার্থীরা

সংগৃহীত

বিপ্লব তালুকদার, প্রতিনিধি


খাগড়াছড়ি পৌর শহরের কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির ও খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে যাতায়াতের সড়কে খোলা জায়গায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন মুসল্লি ও সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা। ধর্মীয় উপাসনালয়ের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত সেখান থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ শহীদ কাদের সড়কের এক পাশে জমে রয়েছে পলিথিন, পচনশীল বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লার স্তূপ। এসব আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি কুকুর ও অন্যান্য প্রাণীর আনাগোনায় পরিবেশ আরও নাজুক হয়ে উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে যেতে হলে এই ময়লা-আবর্জনার স্তূপ পেরিয়েই চলাচল করতে হয়।


শুধু মন্দিরগামী দর্শনার্থীরাই নন, মন্দির পেরিয়ে কিছুটা সামনে এগোলেই রয়েছে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্গন্ধ ও নোংরা পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে।


এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি এভাবে ময়লা ফেলার কারণে একদিকে যেমন পরিবেশের স্বাভাবিক ও পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে।


তারা দ্রুত বিকল্প স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করে শহীদ কাদের সড়কটি পরিচ্ছন্ন রাখার জন্য খাগড়াছড়ি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


এমকে/বিএম২৪