যুক্তিবাদী ও সহনশীল সমাজ নির্মাণে বিশ্ব দর্শন দিবস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
যুক্তিবাদী ও সহনশীল সমাজ নির্মাণে বিশ্ব দর্শন দিবস

সংগৃহীত

সাকিব আরিয়ান ধ্রুব, জাবি প্রতিনিধি


মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো অজানাকে জানার আকাঙ্ক্ষা এবং জীবনের অন্তর্নিহিত অর্থ খোঁজার কৌতূহল। এই কৌতূহল, বিস্ময় ও গভীর চিন্তাশক্তি থেকেই উদ্ভব ঘটেছে দর্শন বা ‘ফিলোসফি’র। ইংরেজি ‘ফিলোসফি’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘ফিলো’ ও ‘সোফিয়া’ থেকে, যার অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা।


প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব দর্শন দিবস’। দিনটি কেবল দর্শনচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবচিন্তার বিকাশ, সমালোচনামূলক ও স্বাধীন চিন্তাভাবনার প্রসার এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দর্শনের গুরুত্ব তুলে ধরার এক অনন্য উপলক্ষ।


জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্রথম এই দিবস উদযাপনের উদ্যোগ নেয়। ২০০২ সালের ২১ নভেম্বর প্রথমবারের মতো বিশ্ব দর্শন দিবস পালন করা হয়। পরবর্তীতে ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।


বিশ্ব দর্শন দিবস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো সমালোচনামূলক চিন্তা ও স্বাধীন মননের বিকাশ ঘটিয়ে মানুষকে যুক্তিনির্ভর চিন্তায় উৎসাহিত করা। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মধ্যে দার্শনিক আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা বৃদ্ধি করা।


ইউনেস্কোর মতে, দর্শন মানুষের চিন্তাকে শাণিত করে এবং বিভিন্ন সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ধারার মধ্যে সংলাপের সুযোগ তৈরি করে। যুক্তিনির্ভর আলোচনা, ভিন্নমত গ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে সহনশীল সমাজ গঠনেও দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


দর্শনের মূল লক্ষ্য জ্ঞান ও সত্যের অনুসন্ধান। জগৎ ও জীবন সম্পর্কে স্বাধীন চিন্তার অধিকারী যেকোনো ব্যক্তিই দার্শনিক চিন্তার অনুসারী হতে পারেন। স্বাধীন চিন্তার চর্চা মানুষকে আপসহীন হতে এবং লোভ ও মোহের ঊর্ধ্বে উঠতে শেখায়। সত্য প্রতিষ্ঠার জন্য সক্রেটিস হাসিমুখে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে, জ্যঁ-পল সার্ত্র ও বার্ট্রান্ড রাসেল নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।


মানুষের চিন্তাকে প্রশ্নমুখী ও বিশ্লেষণধর্মী করে তোলাই দর্শনচর্চার অন্যতম গুরুত্ব। কোনো তথ্য বা বক্তব্য শুনেই তা গ্রহণ না করে এর সত্যতা, যুক্তি ও প্রেক্ষাপট যাচাই করতে শেখায় দর্শন। এর মাধ্যমে মানুষের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা তৈরি হয়।


বর্তমান বিশ্ব প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে গেলেও বিভিন্ন ক্ষেত্রে নীতিনৈতিকতাবিবর্জিত কর্মকাণ্ড ও যুদ্ধবিগ্রহ যেন পিছু ছাড়ছে না। এসব সংকট মোকাবিলায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির যুগে তথ্যের সত্যতা যাচাই, যুক্তিনির্ভর বিচার এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনে দর্শনের জ্ঞান অপরিহার্য।


প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, জলবায়ু সংকট, অভিবাসন ও জনস্বাস্থ্যসহ নানা বিষয় বর্তমানে নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। এসব ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক সমাধানই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক প্রভাবও বিবেচনায় নেওয়া প্রয়োজন।


২০২৬ সালে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বিশেষ আয়োজন রাখা হয়েছে। এতে দার্শনিক সুলেমান বশির ডিয়ানে ‘লিভিং দ্য আর্থ টুগেদার’ শিরোনামে বক্তব্য দেবেন। পাশাপাশি জলবায়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ও স্বাস্থ্য—এই চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেবেন।


দিবসটি সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহিন সুলতানা মিম বলেন, “আজ ২১ নভেম্বর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ওয়ার্ল্ড ফিলোসফি ডে। এই দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে দর্শনের ভূমিকা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং সমকালীন সমস্যা মোকাবিলায় দর্শনের ভূমিকা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করা। দর্শন শুধু তাত্ত্বিক বিষয় নয়, বরং জীবনের ব্যবহারিক দিকেও এর ভূমিকা রয়েছে। তাই আমাদের উচিত দর্শনকে জানা, বোঝা এবং চর্চা করা।”


বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর তমাল বলেন, “আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই দর্শনের প্রভাব রয়েছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যা কিছু করি, তা মূলত আমাদের ‘ওয়ার্ল্ড ভিউ’ বা জীবনদর্শনের ওপর ভিত্তি করেই হয়ে থাকে। আমরা কোনো কাজ কখন এবং কীভাবে করব, তা ঠিক করে দেয় এই জীবনদর্শন; আর এটি নিয়ন্ত্রিত হয় আমাদের দার্শনিক চিন্তাভাবনার দ্বারা।”


তিনি আরও বলেন, “যেহেতু ব্যবহারিক জীবনের প্রতিটি স্তরেই দর্শনের উপস্থিতি রয়েছে, তাই প্রাত্যহিক জীবনেও দর্শনচর্চার একান্ত প্রয়োজন রয়েছে।”


গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখতে দর্শনচর্চা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিশ্বায়ন, পরিবেশ সংকট ও বৈষম্যের মতো জটিল বিষয়গুলো বুঝতে দর্শন মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তাই যুক্তিবাদী, সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে দর্শনশিক্ষা ও চর্চার বিকল্প নেই।


এমকে/বিএম২৪