গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, কাঠের স্তূপে আগুন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ, কাঠের স্তূপে আগুন

সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।


বুধবার (১৯ নভেম্বর) রাতে মহানগরীর মেট্রো-সদর থানাধীন ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।


গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা অফিসের বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে কাঠের স্তূপে আগুন ধরে যায়।


এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এমকে/বিএম২৪